
এস এম মারুফ, নিউজ ডেক্সঃ বেনাপোলে হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে, যার প্রধান শিকার হচ্ছেন মোটরসাইকেল চালকরা। শহরের অনেক ফিলিং স্টেশনে মজুত শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকালে শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি। তেলের আশায় চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। যেসব স্টেশনে সামান্য মজুত আছে, সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে চাহিদামতো তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, সরবরাহ না থাকায় বেনাপোল ফিলিং স্টেশন, মিলন ফিলিং স্টেশন ও হক ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল না থাকায় প্রায় আধা বন্ধ হয়ে আছে। গত তিন দিন ধরে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যায়।
স্হানীয় বাসিন্দা মোঃ রিপন হোসেন বলেন, “দুটি পাম্প ঘুরেও তেল পাইনি। তেল না পেলে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরব কীভাবে তা বুঝতে পারছি না। সিয়াম আহমেদ নামে আরেক বাইক চালক বলেন, পবিত্র রমজান মাসে তেলের জন্য এভাবে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘোরাঘুরি করা খুবই কষ্টদায়ক।
এলাকার সচেতন মহল দ্রুত এই সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।