বিশেষ প্রতিনিধি:
ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ, আর এই ভয়াবহ প্রাদুর্ভাব থেকে পৌরবাসীকে সুরক্ষা দিতে রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি সুস্থ, মশামুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেনাপোল পোর্ট থানা জামায়াতের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফগিং মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো কর্মসূচি।
আজ শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) সকাল ৬টা থেকে বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে বেনাপোল বাজার এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের অপেক্ষায় বসে থাকলে চলবে না; নাগরিক সচেতনতা ও সামাজিক ঐক্যই পারে আমাদের রক্ষা করতে। জামায়াতে ইসলামী সব সময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে। আমরা বেনাপোলবাসীকে ডেঙ্গুর আতঙ্ক থেকে মুক্ত রাখতে এবং বাজারসহ পুরো এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “বেনাপোলের জনগণ যদি আগামীতে আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তবে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই সীমান্ত শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মশামুক্ত ও বাসযোগ্য মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
মানবসেবামূলক এই অভিযানে আরও উপস্থিত ছিলেন পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, পৌরসভা জামায়াতের আমীর ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা রিয়াসাত আলী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি নুরুল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ওসমান গনি, মাওলানা ইলিয়াস আলী এবং মোঃ জামাল হোসেন।
এছাড়াও মেয়র প্রার্থী রেজাউল ইসলামের এ উদ্যোগের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রফেসর জাহাঙ্গীর আলম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শহীদুল্লাহ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শওকত আলী, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।